সোমবার
২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর কদমতলীতে কাস্টমস কর্মকর্তা মো. হাসানুজ্জামান খানের কাছ থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ ছিনতাইয়ের ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় ছিনতাই হওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আনোয়ার হোসেন (৩১)। পুলিশ জানিয়েছে, তিনি একাধিক মামলার আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রাত ৬টা ১০ মিনিটের দিকে কোতোয়ালি থানার কদমতলী আটমাসিং থেকে রেললাইনগামী পাকা সড়কে এ ঘটনা ঘটে।
ওই সময় কাস্টমস কর্মকর্তা মো. হাসানুজ্জামান খান বাসার উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাতনামা তিন ছিনতাইকারী জোরপূর্বক তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা নম্বর-৪০, তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬, দণ্ডবিধির ৩৯২ ধারায় মামলা করা হয়।
পুলিশ জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করেন। পরে সদরঘাট থানা পুলিশের সহযোগিতায় সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আনোয়ারকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।