সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২৮ সেপ্টেম্বর ২০২৬

১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

প্রাথমিকের ৮১৭ প্রার্থীর নিয়োগ ১ অক্টোবরের মধ্যে

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বঞ্চিত ৮১৭ প্রার্থীকে আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নির্ধারিত সময়ের পরও কারও নিয়োগ বাকি থাকলে তাঁদের আবেদন ও নথিপত্র পুনর্মূল্যায়ন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

সভায় প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বর্তমান পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার চাকরিপ্রত্যাশী অংশ নেন। স্বচ্ছতা ও নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে মন্ত্রণালয় শুরু থেকেই কাজ করছে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে নিয়োগপত্র ইস্যু করা হয়। পুরো প্রক্রিয়া শেষে মন্ত্রণালয়ের কাছে ৮৫৪ জন প্রার্থীর চূড়ান্ত আবেদন আসে। তবে পুলিশ ভেরিফিকেশন ও পরিচয় যাচাই-বাছাইয়ে বিভিন্ন জটিলতার কারণে তাঁদের নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব হয়।

বিশেষ করে অনেক প্রার্থী স্থায়ী বা বর্তমান ঠিকানা পরিবর্তন করায় ভেরিফিকেশন প্রতিবেদন পেতে দেরি হয়েছে। বর্তমানে পর্যায়ক্রমে এসব ভেরিফিকেশন সম্পন্ন হচ্ছে এবং পরিবর্তিত ঠিকানার তথ্যও মন্ত্রণালয়ের কাছে আসছে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আটকে থাকা ৮১৭ প্রার্থীর নিয়োগপত্র ১ অক্টোবরের মধ্যে দেওয়ার বিষয়ে সরকার আশাবাদী। এরপরও কোনো যোগ্য প্রার্থীর নিয়োগ বাকি থাকলে তাঁদের বিষয়েও মন্ত্রণালয় কাজ করবে।

তিনি বলেন, ১ অক্টোবরের মধ্যে যাঁদের নিয়োগ সম্পন্ন হবে না, তাঁদের আবেদন ও নথিপত্র নিবিড়ভাবে পর্যালোচনা করা হবে। কোনো যোগ্য নিয়োগপ্রার্থী যেন বাদ না পড়েন, সে বিষয়ে মন্ত্রণালয় সতর্কতার সঙ্গে কাজ করছে।