মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর ২০২৬

১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মালয়েশিয়ার বিপক্ষে না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে বৃষ্টির কারণে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। এতে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লিটন দাসের দল।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা ছিল। তবে নাগোয়ায় টানা বৃষ্টির কারণে ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল জানান, সকালে গেমস কর্তৃপক্ষ তাদের ম্যাচ বাতিলের বিষয়টি জানিয়েছে। এ কারণে দলকে স্টেডিয়ামেও যেতে হচ্ছে না।

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল পর্বে বৃষ্টির কারণে একের পর এক ম্যাচ বাধাগ্রস্ত হচ্ছে। সোমবার দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ মাঠে গড়ায়নি। মঙ্গলবার সকালে নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটিও পরিত্যক্ত হয়েছে।

আগামী ১ অক্টোবর সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। তবে আবহাওয়ার উন্নতি না হলে সেমিফাইনাল নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

ম্যাচটি পরিত্যক্ত হলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে উঠবে পাকিস্তান। সে ক্ষেত্রে বাংলাদেশকে ব্রোঞ্জ পদকের জন্য লড়তে হবে।

এর আগে এশিয়ান গেমসের নারী ক্রিকেটেও বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ। চীনের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় র‍্যাঙ্কিংয়ের সুবিধায় সরাসরি সেমিফাইনালে উঠেছিল জ্যোতির দল।