রবিবার, ৪ অক্টোবর ২০২৬

রবিবার

০৪ অক্টোবর ২০২৬

১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

নিজ বাসার ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন করে দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর: মীর শাহে আলম

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: প্রধানমন্ত্রী তারেক রহমান সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে শুধু ঘোষণায় সীমাবদ্ধ থাকেননি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর নিজ বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের ১ হাজার ইউনিট নিজে ব্যবহার করা হয়েছে এবং ১ হাজার ২০০ ইউনিট জাতীয় গ্রিডে দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ডিডি (এলজি)-দের অংশগ্রহণে ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায়’ এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, গত তিন দিনে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের মাধ্যমে প্রধানমন্ত্রী একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। সমবায় ভবনসহ সব জাতীয় ভবনের ছাদ ব্যবহার করে নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করা হবে। বিদ্যুৎ উৎপাদনকে ব্যবসা হিসেবেও দেখার আহ্বান জানান তিনি।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন।

দুর্গাপূজা সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করার ঝুঁকি রয়েছে উল্লেখ করে মাঠপর্যায়ে ইউএনওদের সতর্ক থাকার আহ্বান জানান মীর শাহে আলম। তিনি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না।

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বশক্তি প্রয়োগের জন্য ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

ইউএনওদের জন্য ঐচ্ছিক তহবিলের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মীর শাহে আলম বলেন, এলাকার দরিদ্র মানুষ তাৎক্ষণিক সহায়তার জন্য ইউএনওদের কাছে আসেন। এ জন্য প্রত্যেক ইউএনওকে ঐচ্ছিক তহবিল দেওয়া হলে দরিদ্রদের ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা দেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় এ অর্থের জোগান দিতে না পারলে স্থানীয় সরকার মন্ত্রণালয় রাজস্ব আয় থেকে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করবে। বিদ্যুতের নেট মিটারিং পদ্ধতি নিয়েও উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধানের কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্প মাঠপর্যায়ে ইউএনওদের তত্ত্বাবধানে বাস্তবায়ন হচ্ছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন কার্ড ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচি তারা সরাসরি তদারকি করছেন।

ডিসি সম্মেলনের মতো ইউএনওদেরও প্রতিবছর সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে উপজেলা পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড ও স্থানীয় দাবিদাওয়া সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা সম্ভব হবে।

বিএনপি সরকার জনগণের সরকার এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাসী বলেও মন্তব্য করেন মীর শাহে আলম। তিনি দাবি করেন, আগের সরকারের সময় নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে অনেক কর্মকর্তা চাকরি হারিয়েছেন। বিএনপি সরকার কর্মকর্তাদের ‘দিনের ভোট রাতে’ বা ‘ডামি নির্বাচন’ করার নির্দেশ দেবে না বলেও মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক বিষয়েও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মিরপুরের ঘটনায় উত্তরের কমিটি বাতিল করা হয়েছে এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এমপির ব্যক্তিগত দায় সরকার নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ বাড়িয়ে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মীর শাহে আলম।