রবিবার
০৪ অক্টোবর ২০২৬
২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচা বাজার এলাকায় নকল ঘি উৎপাদনসহ বিভিন্ন ভোক্তা-বিরোধী অনিয়মের দায়ে চার প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৪ অক্টোবর) পরিচালিত এক বিশেষ তদারকি অভিযানে এসব জরিমানা ও প্রশাসনিক দণ্ড দেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, বহদ্দারহাট এলাকার ‘এম আর কনজিউমারস প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে মানহীন ও নকল ঘি উৎপাদনের সত্যতা মেলে। ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলার এই গুরুতর অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্য কেনাবেচার ভাউচার সংরক্ষণ না করায় ‘আরিফের ফল বিতান’-কে ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ডিমের বাজারে অনিয়মের দায়ে ‘পারভিন ট্রেডার্স’-কে ১০ হাজার টাকা এবং নির্ধারিত নিয়মে এলপিজি সিলিন্ডার বিক্রি না করায় ‘হোসেন এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, “বাজারে নকল ও ভেজাল পণ্য বিক্রি রোধে নিয়মিত তদারকি চলছে। বিশেষ করে নকল ঘি তৈরির মতো অপরাধ সরাসরি মানুষের জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলে। তাই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তিনি আরও সতর্ক করে বলেন, “সব ব্যবসায়ীকে দোকানে পণ্যের মূল্য তালিকা ঝুলিয়ে রাখা এবং ক্রয়-বিক্রয়ের সঠিক ভাউচার সংরক্ষণ করা বাধ্যতামূলক। জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।”