রবিবার
০৪ অক্টোবর ২০২৬
১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট থেকে কোতোয়ালী মোড় পর্যন্ত সড়কের ফুটপাত ও পথ দখল করে বসানো অবৈধ দোকান ও হকারদের উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। নিউ মার্কেট ও সিডিএ ভবন সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুনরায় কোনো হকার বসলে নিয়মিত উচ্ছেদ ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
রোববার (৪ অক্টোবর) বিকেলে সিডিএ চেয়ারম্যানের উপস্থিতিতে এ যৌথ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এর আগে সকালে হকারদের নিজ দায়িত্বে মালামাল ও অস্থায়ী দোকান সরিয়ে নেওয়ার মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে মালামাল না সরানোয় বিকেলে এই ঝটিকা অভিযান চালায় সিডিএ।
অভিযান শেষে সিডিএ চেয়ারম্যান বিপণি বিতান (নিউ মার্কেট) বণিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এক জরুরি বৈঠকে মিলিত হন। বৈঠকে নিউ মার্কেট মোড়ের অনিয়ন্ত্রিত ফুটপাত দখলের ফলে পথচারীদের স্বাভাবিক চলাচলে বাধা, তীব্র যানজট ও সাধারণ নগরবাসীর দুর্ভোগ তুলে ধরা হয়।
বৈঠকে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, “সিডিএ ভবন সংলগ্ন এলাকা এবং ঐতিহ্যবাহী বিপণি বিতান সংলগ্ন ফুটপাত বা সড়কে কোনো অবস্থাতেই হকার বসতে দেওয়া হবে না। সাধারণ মানুষের চলাচলের জায়গা দখল করে অনিয়মতান্ত্রিক ব্যবসা করার সুযোগ কাউকে দেওয়া যায় না। নগরবাসীর স্বাচ্ছন্দ্যে চলাচলের পথ দখলমুক্ত রাখতে সিডিএ জিরো টলারেন্স নীতি বজায় রাখবে।”
তিনি আরও যোগ করেন, “হকার নেতারা আশ্বাস দিয়েছেন আগামীকাল থেকে তারা এসব এলাকায় আর বসবেন না। তারা কথা রাখলে বিষয়টি সমন্বয়ের মাধ্যমে দেখা হবে। তবে যদি পুনরায় ফুটপাত কিংবা সড়ক দখল করে বসার চেষ্টা করা হয়, তবে স্পেশাল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানের সময় সিডিএর প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ এ এম হাবিবুর রহমান, মো. মনজুর হাসান, স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন এবং সচিব নূর-ই-জান্নাত রুমি উপস্থিত ছিলেন।