মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

মঙ্গলবার

০৬ অক্টোবর ২০২৬

২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

'নগরীর ফুটপাত কারও দখলেই থাকতে দেওয়া হবে না': চকবাজারে মেয়র

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, অস্থায়ী দোকানপাট, অননুমোদিত বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

অভিযানকালে ফুটপাত দখল করে গড়ে তোলা বিভিন্ন অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেয় চসিকের উচ্ছেদ দল। একই সঙ্গে পথচারীদের যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অবৈধ বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়। এর ফলে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা সড়ক ও ফুটপাতে পথচারীদের চলাচলের পথ উন্মুক্ত হয়।

অভিযান চলাকালে প্রধান সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করে যানজট ও প্রতিবন্ধকতা তৈরি করায় সংশ্লিষ্ট যানবাহনগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়।

উচ্ছেদ কার্যক্রম পর্যবেক্ষণকালে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “চট্টগ্রাম নগরীর সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের জায়গা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অন্যায় দখলে থাকতে দেওয়া হবে না। নাগরিকদের নির্বিঘ্নে চলাচলের অধিকার নিশ্চিত করতে চসিক জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।”

তিনি আরও বলেন, “ফুটপাত দখল করে ব্যবসা চালানো, সড়কে অনিয়মতান্ত্রিক পার্কিং কিংবা যত্রতত্র প্রচারপত্র-বিলবোর্ড ঝুলিয়ে নগরীর সৌন্দর্য নষ্ট ও জনদুর্ভোগ তৈরি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। নগরীতে শৃঙ্খলা ও সৌন্দর্য ফেরাতে এই অভিযান নিয়মিত চলবে।”

একই সঙ্গে চট্টগ্রামকে পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চসিকের প্রশাসনিক অভিযানের পাশাপাশি নগরবাসীকে সচেতন ও আইন মেনে চলার আহ্বান জানান তিনি।