সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার

০৮ অক্টোবর ২০২৬

২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

'নিরাপদ সড়ক, নিরাপদ জীবন': শিশুদের মাঝে ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক: শিশুদের নিরাপদ সড়ক চলাচল নিশ্চিত করা, ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।

জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশে এ কার্যক্রম চলছে। কর্মসূচির স্লোগান ছিল ‘নিরাপদ সড়ক, নিরাপদ জীবন—সচেতনতায় এগিয়ে আসুক আগামীর প্রজন্ম’।

এরই ধারাবাহিকতায় আজ সকাল ১১টায় হাটহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধুরং খুলশী লায়নস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি শিশুবান্ধব সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), টিআই (প্রশাসন), হাটহাজারী ও ফটিকছড়ি জোনে কর্মরত ট্রাফিক পুলিশের সদস্যরা, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

কর্মসূচিতে ট্রাফিক পুলিশের সদস্যরা শিশুদের সঙ্গে মতবিনিময় করেন। তাঁরা রাস্তা পারাপারের সঠিক নিয়ম, ফুটপাত ব্যবহার, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া এবং সড়কে চলার সময় সতর্ক থাকার বিষয়ে সহজ ভাষায় দিকনির্দেশনা দেন।

নিরাপদ সড়কের গুরুত্বপূর্ণ নিয়মাবলি তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে লিফলেটও বিতরণ করা হয়, যাতে তারা নিজেরা নিয়ম মানার পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকেও সচেতন করতে পারে।

সড়ক নিরাপত্তার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শ্রেণিকক্ষে মনোযোগী হওয়া, শিক্ষক ও বাবা-মায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তোলার জন্য উৎসাহিত করা হয়। অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার এড়িয়ে পড়াশোনা, খেলাধুলা ও সৃজনশীল কাজে সময় দেওয়ারও পরামর্শ দেওয়া হয়।

ট্রাফিক পুলিশের সদস্যদের কাছে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও উৎসাহ দেখা যায়। শিক্ষক ও অভিভাবকরাও পুলিশের এ উদ্যোগের প্রশংসা করেন।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।