শনিবার
১০ অক্টোবর ২০২৬
২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে তাঁকে আটক করা হয়। মানিক সরকার ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)—সিপিআই-এমের নেতা।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালনের কথা ছিল ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাকর্মী ও সমর্থকদের। তবে কর্মসূচির আগে দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজের ভেতর থেকে অভিজিৎ দিপক, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ।
এদিকে আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরাকেও আটক করা হয়েছে। তাঁকে একটি পুলিশ বাসে রাখা হলে বিক্ষোভকারীরা বাসটি ঘিরে অবস্থান নেন।
এ ছাড়া পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালকেও আটক করার খবর পাওয়া গেছে।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে দিল্লিতে বিক্ষোভ ও ধরপাকড়ের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে।