সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সোমবার

১২ অক্টোবর ২০২৬

২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: সারাদেশে আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি শুরু হয়ে ২৭ মে শেষ হবে। পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি সূত্রে জানা গেছে, দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসনিক ও লজিস্টিক সুবিধা বিবেচনায় নিয়ে পাঁচটি ধাপে ভোটগ্রহণের পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি ধাপের সময়সীমাও নির্ধারণ করেছে কমিশন। তবে কমিশনের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নিজ নিজ এলাকার নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করবেন।

এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না। তৃণমূল পর্যায়ে সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং ভোটারদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের সময়সূচি চূড়ান্ত করার মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি আরও এক ধাপ এগিয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনিক হস্তক্ষেপ ও প্রভাব বিস্তার রোধের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাঁচ ধাপে এ নির্বাচন সম্পন্ন হলে দেশের তৃণমূল পর্যায়ের স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন জনপ্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া শেষ হবে। তবে ভোটগ্রহণের তারিখসহ বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তাদের ঘোষিত আনুষ্ঠানিক তফসিলে জানা যাবে।