মঙ্গলবার
১৩ অক্টোবর ২০২৬
২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ড থানার চাঞ্চল্যকর মো. মঞ্জুর আহমেদ হত্যা মামলার এজাহারনামীয় আসামি জাহাঙ্গীর হোসেন ওরফে রনিকে (৩৭) ফটিকছড়ি থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফটিকছড়ির সমিতির হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর হোসেন সীতাকুণ্ড থানার গোলাবাড়িয়া এলাকার মালি হকের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর সীতাকুণ্ড থানায় দণ্ডবিধির ১৪৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৬, ৩৮৫, ৫০৬(২) ও ৩৪ ধারায় একটি মামলা (নম্বর-৫০/৪৮৫) দায়ের করা হয়। পরে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) যুক্ত করা হয়। জাহাঙ্গীর হোসেন ওই মামলার ৪ নম্বর এজাহারনামীয় আসামি।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, মামলার এই আসামি ফটিকছড়ি থানা এলাকায় অবস্থান করছেন। পরে র্যাব-৭-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭-এর পক্ষে এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ।