বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বুধবার

১৪ অক্টোবর ২০২৬

৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ

সাফায়েত মেহেদী, মিরসরাই: চট্টগ্রামের মিরসরাইয়ে সরকারহাট নজর আলী রূপজান উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সালাউদ্দিন সেলিমের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিয়াজুল করিম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, বই থেকে অর্জিত জ্ঞানের কোনো মূল্য থাকবে না, যদি তার সঙ্গে মানবিকতা ও নৈতিকতার শিক্ষা না থাকে।

বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজে ভর্তির পর একজন চরিত্রবান ও ভালো বন্ধু নির্বাচন করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের বর্তমান সাফল্য তাদের ভবিষ্যৎ গন্তব্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন।

শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক শিক্ষার্থী একেকটি ফুলের মতো। এসব ফুল যেন সুন্দরভাবে বিকশিত হয়ে নিজেদের সুবাস ছড়াতে পারে, সে পরিবেশ তৈরি করতে হবে। অভিভাবকদের সন্তানদের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি তাদের পড়াশোনার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এ সময় সংসদ সদস্য নুরুল আমিন আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে থাকাকে তিনি নিজের দায়িত্ব মনে করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত দে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক রণজিত বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রিয়তোষ নাথ এবং সাবেক সিনিয়র শিক্ষক মো. রফিউজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব ইমাম হোসেন বাবলু, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ হারুন, মিরসরাই উপজেলা ওলামা দলের যুগ্ম সম্পাদক এইচ এম মাসুক এবং ওয়াহেদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জিয়া উদ্দিন জিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।