শনিবার
১৭ অক্টোবর ২০২৬
২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভ-সংলগ্ন পাটোয়ারটেক এলাকার ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের ছয় সদস্যসহ মোট সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অন্তত ছয়জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে।
নিহতদের মধ্যে ঢাকার বনশ্রীর বাসিন্দা আশিকুলের পরিবারের ছয় সদস্য রয়েছেন। তারা হলেন—মেলিতা মেহেজাবিন আলভি, নাবিলা, মালিহা, মিলা, জেরিফ ও ফাইজান।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, ওই পরিবারের মোট নয়জন সদস্য রিসোর্টটিতে অবস্থান করছিলেন। তাঁদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উখিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, রিসোর্টটিতে মোট ২৭ জন পর্যটকের প্রবেশের তথ্য ছিল। তাঁদের মধ্যে ঘটনার সময় নয়জন রিসোর্টের বাইরে ছিলেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানিয়েছেন, অগ্নিকাণ্ডে হতাহত ব্যক্তিরা সবাই পর্যটক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে, অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। আগুনের সূত্রপাত, নিরাপত্তাব্যবস্থা এবং হতাহতের কারণ খতিয়ে দেখার পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয় সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।