রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

শনিবার

১৭ অক্টোবর ২০২৬

২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

২ হাজার ৬০০ পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা, জে এম সেন হলে র‍্যাবের ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগরীর প্রতিটি পূজামণ্ডপে চার স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়মিত টহল, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, বিশেষ স্ট্রাইকিং ফোর্স এবং সাইবার মনিটরিংয়ের মাধ্যমে একটি নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার ঘোষণা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (১৭ অক্টোবর) সকালে নগরের ঐতিহাসিক জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম সফর করবেন এবং জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। তাঁর এই আগমন চট্টগ্রামবাসীর জন্য অত্যন্ত গৌরবের। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নির্দেশনা ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সর্বোচ্চ নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে।

অধিনায়ক মোস্তাফিজুর রহমান আরও জানান, চট্টগ্রাম মহানগরীতে এবার প্রায় ২ হাজার ৬০০টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এত বিপুল সংখ্যক মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের পাশাপাশি পুলিশ, জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসন একযোগে কাজ করছে। মণ্ডপগুলোতে নিয়মিত মোবাইল টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে মণ্ডপগুলোতে র‍্যাবের যোগাযোগ নম্বরও দেওয়া হয়েছে।

ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো কুচক্রী মহল যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা অপপ্রচার চালিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে র‍্যাব অত্যন্ত সতর্ক রয়েছে বলে জানান তিনি। দেশজুড়ে ও অনলাইনে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে এবং কোনো ধরনের অপপ্রচার চালালে তাৎক্ষণিকভাবে প্রকৃত তথ্য তুলে ধরে তা প্রতিহত করা হবে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।