সোমবার
১৯ অক্টোবর ২০২৬
৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: অস্ত্র হাতে মাদক কারবারিদের ধাওয়া করার ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে জানান, এদিন দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন।
এর আগে গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার সময় ইশরাক হোসেনকে অস্ত্র হাতে কয়েকজনকে ধাওয়া করতে দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
পরে এক বিবৃতিতে ইশরাক হোসেন দাবি করেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলার আশঙ্কা থাকায় আত্মরক্ষার্থে তিনি ও তাঁর সরকারি নিরাপত্তারক্ষীরা অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন।
রোববার মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ওই রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে ইশরাক প্রথমে এ খবরকে ‘অসত্য ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেন। তবে কয়েক ঘণ্টা পর আরেকটি পোস্টে তিনি জানান, প্রধানমন্ত্রীর যেকোনো নির্দেশ পালন করা তাঁর জন্য বাধ্যতামূলক।
এর ধারাবাহিকতায় সোমবার সকালে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে ইশরাক হোসেন আরও উল্লেখ করেন, পদত্যাগের পর তিনি মন্ত্রী হিসেবে নয়, বরং একজন সাধারণ বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও জোরালোভাবে কাজ করবেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং ‘প্রজন্ম দল’-এর সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।
তবে পদত্যাগের ঘোষণা ও আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি পৃথক। এ বিষয়ে পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণা ও সরকারি সিদ্ধান্তের দিকে নজর রয়েছে।