শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

শুক্রবার

২৩ অক্টোবর ২০২৬

৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

সমুদ্রে তেল ছড়িয়ে পড়ায় আমিরাতের সব সৈকত বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক:: সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কুওয়াইন উপকূলে ট্যাংকার থেকে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় দেশটির সব সমুদ্রসৈকত ও উপকূলীয় এলাকা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।

মন্ত্রণালয় জানায়, দেশটির দূরবর্তী পর্যবেক্ষণব্যবস্থার মাধ্যমে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার বিষয়টি শনাক্ত করা হয়। এ ঘটনার পর শারজাহ, আজমান ও উম্ম আল কুওয়াইনের বিভিন্ন এলাকায় বাসিন্দারা বাতাসে তীব্র ও অস্বাভাবিক দুর্গন্ধ অনুভব করেন।

তবে তেল ছড়িয়ে পড়ার কারণে সৃষ্ট দুর্গন্ধে বাসিন্দাদের স্বাস্থ্যের ওপর বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ঘটনাটি শনাক্ত হওয়ার পরপরই জরুরি ভিত্তিতে বিশেষায়িত দল ঘটনাস্থলে কাজ শুরু করে। স্থানীয় ও কেন্দ্রীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তেল অপসারণ এবং উপকূল পরিষ্কারের কার্যক্রম চলছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘিরে রাখা হয়েছে, যাতে সেখানে মানুষের প্রবেশ নিয়ন্ত্রণ করা যায়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, উপকূলীয় এলাকার নিরাপত্তা ও সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় প্রযুক্তিগত মূল্যায়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।