শুক্রবার
২৩ অক্টোবর ২০২৬
৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিসেন্স’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় আগুন লাগে। এ সময় হোটেলে অবস্থান করছিলেন তিন শতাধিক পর্যটক। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় তাঁরা সবাই নিরাপদে হোটেল থেকে বেরিয়ে আসেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসকর্মী ও হোটেল কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডে পার্কিং এলাকায় থাকা জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত প্রয়োজন।
হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। কর্মীদের দক্ষতা ও দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। হোটেলে অবস্থানরত পর্যটকেরা নিরাপদে রয়েছেন বলেও জানান তিনি।
ইনানী রিসোর্টে প্রাণহানির কয়েক দিনের মাথায় আগুন
এর আগে গত ১৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় ‘টুপটুপ রিসোর্ট’ নামের একটি আবাসিক প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১০ পর্যটকের প্রাণহানি হয়।
এর কয়েক দিনের ব্যবধানে সুগন্ধা পয়েন্টের আবাসিক হোটেল ‘দ্য সি প্রিসেন্স’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। তবে এবার দ্রুত উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমের ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
পরপর দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় কক্সবাজারের আবাসিক হোটেল ও পর্যটনকেন্দ্রগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।