শনিবার
২৪ অক্টোবর ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: মিথ্যাচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে জামায়াতে ইসলামী—এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজারের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, বিশ্ব খাদ্যসূচকে ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের অবস্থান ভালো। একটি মহল পরিকল্পিতভাবে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হলে জনগণ তা মেনে নেবে না।
আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতার অভিযোগ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের সঙ্গে চুক্তি হয়েছে বলে যারা অভিযোগ করছেন, তাদের সেই চুক্তির প্রমাণ ও সংশ্লিষ্ট নথিপত্র দেখাতে হবে। অন্যদিকে, আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের বিষয়ে তাঁদের পক্ষ থেকে তথ্যপ্রমাণ তুলে ধরা হয়েছে বলেও দাবি করেন তিনি।
রিজভী আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।