রবিবার
২৫ অক্টোবর ২০২৬
৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরছেন—এমন গুঞ্জনের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরাও শুনছেন, শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান। তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী ভারতের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার।
শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ঘিরে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে ফ্যাসিবাদী শক্তির এ ধরনের অপপ্রয়াস শুরু থেকেই চলে আসছে। তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।
তিনি বলেন, “বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না। কোনো অপশক্তিকে না, কোনো পতিত শক্তিকে না, কোনো ফ্যাসিস্টকে না, কোনো পলাতক অপরাধীকে না, কোনো গণহত্যাকারীকে না।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গণ-অভ্যুত্থানের মুখে যারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং দেশের শত শত নাগরিককে হত্যা করেছে, তাদের কোনো অপতৎপরতা বাংলাদেশে চলতে দেওয়া হবে না।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনা প্রসঙ্গে তিনি সরকারের অবস্থান তুলে ধরে বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির কোনো চেষ্টা বরদাশত করা হবে না।