মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সোমবার

২৬ অক্টোবর ২০২৬

১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

মানসিক চাপ মোকাবিলায় পুলিশ সদস্যদের পাশে সিএমপি

স্টাফ রিপোর্টার: পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, মানসিক চাপ মোকাবিলা এবং মানসিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ-২০২৬ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় নগরের লালদীঘিস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রামের উদ্যোগে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

সভায় মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে মানসিক চাপ মোকাবিলা এবং পুলিশ সদস্যদের মানসিক সুস্থতা বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় পুলিশ সদস্যদের জন্য প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, মানসিক স্বাস্থ্য নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং মানসিক স্বাস্থ্যসংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত নেছার উদ্দিন আহম্মেদ।

এ ছাড়া সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. পঞ্চানন আচার্য, বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রামের তত্ত্বাবধায়ক এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সেবার সুযোগ সম্প্রসারণে সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।