সোমবার
২৬ অক্টোবর ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


নিউজ ডেস্ক: সন্ত্রাস ও অপরাধ নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা, ক্রমবর্ধমান অপরাধ, চাঁদাবাজি ও সামাজিক নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময়কালে পুলিশ সুপার অপরাধ দমনে প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বলেন, শুধু প্রশাসনের পক্ষে অপরাধ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। নিজেদের অধিকার, নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় সমাজের সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।
সংগঠনের নেতারা জানান, সন্ত্রাস ও অপরাধমুক্ত চট্টগ্রাম গড়তে এবং মানবাধিকার সুরক্ষায় তাঁরা একযোগে কাজ করতে বদ্ধপরিকর।
সভায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলি, যুগ্ম সম্পাদক সেলিম নূর, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী ফারুক হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজী চৌধুরী এবং দপ্তর সম্পাদক শাহারিয়ার মনির জিসানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।