মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মঙ্গলবার

২৭ অক্টোবর ২০২৬

১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

হারানো ১০৭ মোবাইল ফিরিয়ে দিল চট্টগ্রাম জেলা পুলিশ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে জেলার ১৭টি থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে এসব মোবাইল উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।

মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের নাসিরাবাদে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, হারানো মোবাইল ফোন উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

এ সময় জেলার ১৭টি থানায় দায়ের করা মোবাইল হারানোর জিডিগুলো পর্যালোচনা করা হয়। পরে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে অনুসন্ধান চালিয়ে ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার মো. মাসুদ আলম উদ্ধার করা মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট মালিকদের কাছে হস্তান্তর করেন।

দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন মালিকেরা। এ সময় তাঁরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস বাড়াতে ভূমিকা রাখে।

জেলা পুলিশ জানায়, জনগণের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা, হারানো মালামাল উদ্ধার এবং জনবান্ধব পুলিশি সেবা পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও পেশাদারিত্বের মাধ্যমে অপরাধ প্রতিরোধ এবং জনসাধারণের সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।