বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বুধবার

২৮ অক্টোবর ২০২৬

১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চায় সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: দেশের প্রতিটি স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সালসহ অন্য প্রার্থীরা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচারণা কিংবা অন্য কোনো ক্ষেত্রে প্রশাসন ও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

মীর শাহে আলম বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে যে সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে, তা ভবিষ্যতের নির্বাচন গুলোতেও অব্যাহত থাকবে। আগামী জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, নিরপেক্ষ ও প্রভাবমুক্তভাবে আয়োজন করা হবে।

তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক চর্চা আরও সুসংহত করতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

সরকারের নির্বাচনী অবস্থান তুলে ধরে তিনি বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো ইচ্ছা সরকারের নেই। বরং সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে ব্যালটের মাধ্যমে জনগণের প্রকৃত রায় প্রতিফলিত করাই সরকারের মূল লক্ষ্য।

এ লক্ষ্যে প্রশাসন ও নির্বাচন কমিশন সমন্বিতভাবে কাজ করবে উল্লেখ করে মীর শাহে আলম আশা প্রকাশ করেন, দেশের মানুষ একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ পাবে।