শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

শুক্রবার

৩০ অক্টোবর ২০২৬

১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

জাপান সফরে ৬.৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শুক্রবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যেই এ সফর অনুষ্ঠিত হয়েছে। সফরের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখা ও তা আরও সম্প্রসারণের বিষয়ে জাপানের প্রতিশ্রুতি পাওয়া গেছে। পাশাপাশি বেসরকারি বিনিয়োগ ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হয়েছে।

হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর সফরে জাপানের পক্ষ থেকে বাংলাদেশে ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। বিনিয়োগের সম্ভাব্য খাত ও সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করতে শিগগিরই জাপান থেকে একটি উচ্চপর্যায়ের অর্থনৈতিক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।

তিনি আরও বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সামনে রেখে প্রধানমন্ত্রী এ সফর সম্পন্ন করেছেন। এর মধ্য দিয়ে যোগাযোগব্যবস্থা, পরিবেশ, কৃষি, মানবসম্পদ উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থাপনা ও টেকসই অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পাওয়া গেছে।

এ ছাড়া আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রেও জাপানের সহায়তার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধির নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

‘বিগ-বি’ উদ্যোগ নিয়ে আলোচনা

জাপানের সঙ্গে ভূরাজনৈতিক বিষয় ও বিভিন্ন চুক্তি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে হুমায়ুন কবির বলেন, বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট বা ‘বিগ-বি’ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে সেখানে তৃতীয় কোনো দেশকে নিয়ে আলোচনা হয়নি।

তিনি বলেন, অন্য কোনো রাষ্ট্রকে নিয়ে আলোচনার প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশের উপস্থিতিতেই বাংলাদেশ তা করবে।

দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের মাটি ও মানুষের স্বার্থকে অসম্মান করে কোনো দেশের সঙ্গে কোনো ধরনের চুক্তি করবে না বিএনপি সরকার।

প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন অংশীদারত্ব আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেন তিনি।