শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

শুক্রবার

৩০ অক্টোবর ২০২৬

১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

জাপানের সঙ্গে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। অবকাঠামোগত উন্নয়ন ও বাণিজ্য প্রসারের পাশাপাশি সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) বাইরেও অর্থায়নের নতুন সুযোগ তৈরির বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওতে দেশটির অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা ও সহকারী অর্থমন্ত্রী আতসুসি মিমুরার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জাপানের অর্থমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করা এবং নতুন নতুন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

বৈঠক সম্পর্কে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধুদেশ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা, বিনিয়োগ বৃদ্ধি এবং বিকল্প অর্থায়নে সহযোগিতার বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পেয়েছে।

তিনি বলেন, বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করতে এবং নতুন নতুন খাতে যৌথভাবে কাজ করার জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়ানোর বিষয়েও উদ্যোগ গ্রহণ নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ও দৃঢ় অর্থনৈতিক সম্পর্কের বিষয়টি স্মরণ করা হয়। পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার পরিসর আরও বিস্তৃত করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের অর্থমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গণি এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৬ অক্টোবর চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যান। সফরে তিনি দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সদস্য হিসেবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও জাপান সফর করছেন।

বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বিকল্প অর্থায়নের নতুন সুযোগ তৈরিতে জাপানের সঙ্গে এই আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।