শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

শনিবার

৩১ অক্টোবর ২০২৬

১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

ডুবালো ইংরেজি ও আইসিটি: এইচএসসিতে ফেল পৌনে চার লাখ শিক্ষার্থী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে কেবল ইংরেজি ও আইসিটি—এই দুই বিষয়েই ফেল করেছেন ৩ লাখ ৮২ হাজার ২১ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একযোগে সারা দেশের ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়ায় ৫২.১২ শতাংশে। ২০০৪ সালের পর এইচএসসি ও সমমান পরীক্ষায় এটিই সর্বনিম্ন পাসের হার। ২০০৪ সালে পাসের হার ছিল ৪৭.৭৪ শতাংশ। এরপর দীর্ঘ ২১ বছরের মধ্যে পাসের হার আর কখনোই এত নিচে নামেনি।

ফেল করা পরীক্ষার্থীদের সিংহভাগই ড্যামেজ হয়েছেন ইংরেজি ও আইসিটি বিষয়ে। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী:

ইংরেজি: ফেল করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন শিক্ষার্থী।

আইসিটি: অকৃতকার্য হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন শিক্ষার্থী।

ইংরেজি ও তথ্য-যোগাযোগ প্রযুক্তি বিষয়ে এই বড় আকারের ফেলই সার্বিক পাসের হারে মারাত্মক প্রভাব ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ স্বস্তির বার্তা দেন। তিনি জানান, অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের আগামী এক থেকে দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ তৈরি করা হবে। যে শিক্ষার্থী যেসব নির্দিষ্ট বিষয়ে ফেল করেছে, তাকে কেবল সেই বিষয়গুলোতে আবার পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে।