রবিবার
০১ নভেম্বর ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় নিয়ে মতপার্থক্য সংসদে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন বিএনপি অস্বীকার করেনি। তবে সনদে বিএনপিসহ বিভিন্ন দলের কিছু ভিন্নমত রয়েছে, সেগুলোর নিষ্পত্তি প্রয়োজন। গণতান্ত্রিক পরিবেশে সমস্যার সমাধান সংসদ ও আলোচনার টেবিলেই হওয়া উচিত, লং মার্চের মাধ্যমে নয়।
রোববার (১ নভেম্বর) ঢাকা আইনজীবী সমিতির অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সাত দফা দাবি মেনে নেওয়া না হলে এক দফায় ফিরে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। বিএনপি ১৭ বছর ধরে নিরবচ্ছিন্ন সংগ্রাম করেছে এবং এ সময়ে নেতাকর্মীরা নানা নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন। রাজপথ কোনো দলের একক সম্পত্তি নয় বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের পক্ষে অবস্থান তুলে ধরে রিজভী বলেন, সংসদে সব দলের ঐকমত্য এবং দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনী আনা সম্ভব। সংবিধানকে একটি জাতির আত্মজীবনী উল্লেখ করে তিনি বলেন, সময়ের সঙ্গে সংবিধানে সংশোধনীর মাধ্যমে জাতির ইতিহাস ও পরিবর্তন প্রতিফলিত হয়। সংস্কার বলতে কী বোঝানো হচ্ছে, তা স্পষ্ট করার আহ্বানও জানান তিনি।
অতীতের রাজনৈতিক পরিস্থিতির কথা স্মরণ করে বিএনপির এই নেতা বলেন, কারফিউ ও কঠোর আইনের সময় আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ভূমিকা তাদের কিছুটা আশ্রয় ও স্বস্তি দিয়েছিল। রিমান্ডের বিরুদ্ধে আইনজীবীদের প্রতিবাদ এবং সম্মিলিত প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিচারপ্রক্রিয়ায় ন্যায়বিচার ব্যাহত হয়েছিল বলে অভিযোগ করেন রিজভী। তার দাবি, আইনজীবীদের যুক্তি ও নথিপত্র উপেক্ষা করে খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছিল। কারাগারে থাকাকালে তার চিকিৎসা ও মানবিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচির প্রসঙ্গে রিজভী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড ও হেলথ কার্ডের মতো উদ্যোগের মাধ্যমে সামাজিক সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা চলছে। ইমাম-মুয়াজ্জিন এবং মন্দির ও গির্জার ধর্মীয় দায়িত্ব পালনকারীদের ভাতার উদ্যোগকেও সামাজিক সুরক্ষার অংশ হিসেবে উল্লেখ করেন তিনি।
এসব উদ্যোগের বিপরীতে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। বিভিন্ন স্থানে গাড়ি ও পুলিশ বক্সে আগুন দেওয়া এবং পুলিশের ওপর হামলার ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে দাবি করেন তিনি।
রিজভী বলেন, বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নাগরিক স্বাধীনতা রক্ষায় কাজ করবে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে সুন্দর, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ মিয়া আলম। সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব নিহার হোসেন ফারুক। অনুষ্ঠানে সহস্রাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।