বুধবার, ৪ নভেম্বর ২০২৬

বুধবার

০৪ নভেম্বর ২০২৬

১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হেমায়েতপুর, কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাভার ও আশুলিয়ায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা হাজিরা দিয়ে বেরিয়ে এসে সড়কে জড়ো হন। তাঁরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে হেলমেট পরা ও লাঠি হাতে কয়েকজন ব্যক্তিকে দেখা যায়।

পরে শ্রমিকরা আশপাশের গলিতে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে এলাকায় তীব্র সংঘাত ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষোভকারীরা ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড অবরোধ করে রাখেন।

সাভারে উত্তেজনা ছড়িয়ে পড়লেও আশুলিয়া শিল্পাঞ্চলের বাইরের পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। তবে শিল্পাঞ্চলের ভেতরে শ্রমিকদের অসন্তোষ অব্যাহত রয়েছে। হা-মীম ও শারমীন গ্রুপের শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে বিক্ষোভ করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকার বেশ কয়েকটি কারখানায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিবুল্লাহ আকন জানান, বুধবার সকালে আশুলিয়ায় বড় ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি। সেখানকার প্রধান মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি জানান, সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা মহাসড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল দিচ্ছেন।