শনিবার, ৭ নভেম্বর ২০২৬

শনিবার

০৭ নভেম্বর ২০২৬

২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

বোয়ালখালীতে টেম্পো-সিএনজির সংঘর্ষে আহত ৬

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয়জন আহত হয়েছেন। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার আরাকান সড়কের আপেল আহমদের টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পটিয়া থেকে যাত্রী নিয়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালকসহ ছয়জন আহত হন।

আহতরা হলেন—পশ্চিম কধুরখীলের আবদুল মাঝির বাড়ির আহমদ মিয়ার ছেলে ইলিয়াস (৬৫), পটিয়ার চরকানাই এলাকার কাসেম মাস্টারের বাড়ির খায়ের আহমদের ছেলে অটোরিকশাচালক আনোয়ার হোসেন (৩২), পশ্চিম গোমদণ্ডীর গোয়াজ তালুকদার বাড়ির মৃত খলিলুর রহমানের ছেলে জেবল হোসেন (৭৫), কধুরখীলের আবদুল মাঝির বাড়ির ইলিয়াসের ছেলে এমরান (৩৮), এসকান্দরের ছেলে নেছারুল আলম (৫০) এবং ইলিয়াসের স্ত্রী ছেমনারা বেগম (৬০)।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক উম্মে খাইর মারজান জানান, সকাল সাড়ে ১১টার দিকে দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে আনা হলে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।