রবিবার
০৮ নভেম্বর ২০২৬
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


মিরসরাই প্রতিনিধি:: ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে সকাল সাড়ে ১১টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসাইন।
এতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, জনস্বাস্থ্য প্রকৌশলী রাফাত ইবনে মোরশেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা শুভ সূত্রধর, সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমবায় একটি আত্মনির্ভরশীল সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন সমবায় সংগঠনের সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।