সোমবার
০৯ নভেম্বর ২০২৬
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর জুবলী রোডের কাদের টাওয়ারে অবস্থিত মোবাইল ব্যাংকিং ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান ‘আটলান্টিক ডিস্ট্রিবিউশন’থেকে ৫০ লাখ টাকা আত্মসাতের মামলায় অন্যতম অভিযুক্ত আরাফাত আমিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মহিদুল আলম শুনানি শেষে এ আদেশ দেন। জামিন চাইতে আদালতে হাজির হলে আরাফাত আমিনকে কারাগারে পাঠানো হয়।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট দুপুর আনুমানিক ১টার দিকে প্রতিষ্ঠানের সুপারভাইজার আরাফাত আমিন বিভিন্ন বিকাশ এজেন্টকে টাকা সরবরাহের কথা বলে অফিস থেকে ৫০ লাখ টাকা নিয়ে বের হন। এরপর তার ব্যবহৃত মোবাইল নম্বরগুলো বন্ধ পাওয়া যায় এবং তিনি আর অফিসে ফেরেননি।
এজাহারে অভিযোগ করা হয়, আরাফাত তার বাবা নুর মোহাম্মদ ও পূর্বপরিচিত মোহাম্মদ রিয়ুর সঙ্গে যোগসাজশে অর্থ আত্মসাৎ করেন। আত্মসাৎকৃত অর্থের প্রায় ২০ লাখ টাকা ব্যাংক হিসাবের মাধ্যমে তৃতীয় অভিযুক্তের অ্যাকাউন্টে স্থানান্তর করে তাৎক্ষণিকভাবে তুলে নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
প্রতিষ্ঠানের পক্ষে মামলার বাদী ও হেড অব অ্যাকাউন্টস মো. ইফতেখার হোসাইন এজাহারে উল্লেখ করেন, বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে আরাফাতের বাবা নুর মোহাম্মদ তাকে প্রাণনাশের হুমকি দেন।
এ ছাড়া আরাফাতকে নিয়োগের সময় তার বাবা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার করেছিলেন, ছেলের কারণে প্রতিষ্ঠানের কোনো আর্থিক ক্ষতি হলে তিনি নিজে দায়ভার বহন করবেন।
এ ঘটনায় গত ২৫ আগস্ট কোতোয়ালী থানায় পেনাল কোডের ৪০৮/৪২০/৫০৬(২)/৩৪ ধারায় মামলা (নম্বর ৬১) দায়ের করা হয়।