মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মঙ্গলবার

১০ নভেম্বর ২০২৬

২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

আওয়ামী লীগের নেতাকর্মী হলেই সভা করা নিষেধ নয়: তথ্য উপদেষ্টা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির সাবেক বা বর্তমান নেতাকর্মীদের সবার সভা-সমাবেশ করার ওপর নিষেধাজ্ঞা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। তবে আওয়ামী লীগের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করা হলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

লন্ডন থেকে দেশে ফিরে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের নিজ নির্বাচনী এলাকায় সভা করা নিয়ে প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। এর আগ পর্যন্ত ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীর মাধ্যমে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দলটির ব্যানারে কোনো সভা-সমাবেশ বা মিছিল করতে পারবেন না। তবে ব্যক্তিগতভাবে কারও সভা-সমাবেশ করার বিষয়টি নির্ভর করবে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, তিনি কারাগারে আছেন নাকি জামিনে রয়েছেন—এসব বিষয়ের ওপর।

উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ করেছেন বা দলটিতে ছিলেন—এমন কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা না থাকলে, তিনি কারাগারে না গিয়ে থাকলে অথবা জামিনে থাকলে অন্য কোনো ধরনের সভা বা সমাবেশ করতে পারবেন না—বিষয়টি এমন নয়।

ওই সভায় আওয়ামী লীগের ব্যানার ও প্যান্ডেল থাকার বিষয়ে সাংবাদিকেরা জানালে জাহেদ উর রহমান বলেন, ‘এটা যদি হয়, এটা অবশ্যই আইন ভঙ্গ হয়েছে এবং আমি নিশ্চিত করছি এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

লন্ডন থেকে ওই সাবেক সংসদ সদস্যের দেশে ফেরা এবং তাঁর বিরুদ্ধে মামলা থাকলে বিদেশ যাতায়াতে কোনো বাধা আছে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ওই ব্যক্তির বর্তমান আইনি অবস্থান খতিয়ে দেখতে হবে। মামলা থাকলেই একজন ব্যক্তির বিদেশ থেকে আসা-যাওয়ায় বাধা তৈরি হয় না। তিনি ফেরারি কি না, তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না এবং সেটি অমান্য করেছেন কি না—এসব বিষয় গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিষয়গুলো খুঁটিয়ে দেখা হচ্ছে।