বুধবার
১১ নভেম্বর ২০২৬
২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্নেয়াস্ত্রের প্রদর্শনী করে ভয়ভীতি ও হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় কিশোর গ্যাংয়ের কথিত নেতা মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট’কে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ৯ নভেম্বর নোয়াখালীর কবিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সারিবদ্ধভাবে রাখা একাধিক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এক ব্যক্তিকে হুমকি দিতে দেখা যায়। ভিডিওটি নজরে আসার পর অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তির পরিচয়, অস্ত্রের উৎস এবং তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে অনুসন্ধান শুরু করে চট্টগ্রাম জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে শাওনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাওন চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়ার বাদশা মিয়ার ছেলে। পুলিশের দাবি, এলাকায় তিনি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
জিজ্ঞাসাবাদে ভাইরাল ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলোর বিষয়ে শাওন জানায়, সেগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। ২০২৫ সালের ৩০ অক্টোবর র্যাব ওই ব্যক্তিকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছিল। পরবর্তী সময়ে জেলা পুলিশের বিভিন্ন অভিযানেও সংশ্লিষ্ট অস্ত্রভান্ডার থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, শুধু অস্ত্র প্রদর্শনই নয়, ভয়ভীতি দেখানোর কৌশল হিসেবেও বিভিন্ন উপকরণ ব্যবহার করত শাওন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণ এবং হুমকিমূলক কথোপকথন অডিও রেকর্ড করার কথা জানিয়েছে। পরে এসব ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা দাবি করত বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ।
অর্থাৎ, হাতে অস্ত্র না নিয়েও অস্ত্রের ছবি-ভিডিও ও হুমকির অডিও ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ আরও জানায়, শাওনের বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় দুটি মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অস্ত্রের উৎস, চাঁদাবাজির সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের পরিচয় এবং তার অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
অস্ত্রের সরাসরি ব্যবহার ছাড়াও ছবি, ভিডিও ও অডিও বার্তার মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজির মতো অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।