বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার

১২ নভেম্বর ২০২৬

২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২রা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কর্ণফুলীতে পুলিশের অভিযানে আওয়ামী লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৯

কর্ণফুলী প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা দুজন নেতাসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও অভিযুক্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কর্ণফুলী থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূর আহমেদ।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অর্থঋণ মামলায় সাজাপ্রাপ্ত একজন, চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশের মামলায় চারজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুজন এবং জিআর পরোয়ানামূলে দুজন রয়েছেন।

পুলিশ জানায়, সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো. সোহেল রানা পিপিএম-সেবা ও সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) নাফিস ইনসানের তত্ত্বাবধানে এবং কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

অভিযানে অর্থঋণ আদালতের ১৩৪১/২৫ নম্বর মামলায় অর্থঋণ আইনের ৩৪ ধারায় সাজাপ্রাপ্ত জেসমিন আক্তার রাবিবকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মহানগর পুলিশ অধ্যাদেশের ৮৮ ধারায় মইজ্জ্যারটেক এলাকা থেকে মঞ্জুরুল হক রানা (২১), মো. শাহজাহান (২৪), মাফু আলম (২৬) ও মো. রাকিব (৩০) নামের চারজনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা গোলাম মোস্তফা রাভেল (৩০) ও তাহের আহমেদ (৫০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানার ১১ নভেম্বর দায়ের করা ১৭ নম্বর মামলায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(২), ৮, ৯ ও ১০ ধারায় অভিযোগ রয়েছে।

এ ছাড়া জিআর পরোয়ানামূলে মো. লোকমান (৪১) ও মো. শাহেদ (৪০) নামের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের মধ্যে লোকমানের বিরুদ্ধে বাকলিয়া থানার ২০২৪ সালের একটি মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় এবং শাহেদের বিরুদ্ধে পটিয়া থানার ২০২৬ সালের একটি মামলায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারায় অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, গ্রে’প্তার ৯ জনকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।