বৃহস্পতিবার
১২ নভেম্বর ২০২৬
২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


উপজেলা প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে বাড়ির সামনের গাছ থেকে তেঁতুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আবদুল্লাহ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বৈলতলী ইউনিয়নের পশ্চিম জাফরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ স্থানীয় পশ্চিম জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা মোহাম্মদ সোহেল বৈলতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় সিএনজিচালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সামনে থাকা তেঁতুল গাছে উঠে তেঁতুল পাড়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসে আবদুল্লাহ। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে আবদুল্লাহ ছিল পরিবারের একমাত্র ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।