শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

শুক্রবার

১৩ নভেম্বর ২০২৬

২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ঠা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

দক্ষিণ রাঙ্গুনিয়ার পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৬

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধীদের অপতৎপরতা নিয়ন্ত্রণে সমন্বিত সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় রেজিস্ট্রেশনবিহীন চারটি মোটরসাইকেল জব্দ করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের নির্দেশনায় রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, পিপিএম এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়ার দুর্গম ও সন্ত্রাসপ্রবণ পাহাড়ি এলাকার মোবারক টিলা, সৈয়দের খিল, কাইন্দার কুল, ভাল্লুকীয়া টিলা, মীরেরখীল ও ক্ষেত্রবাজারসহ বিভিন্ন স্থানে পুলিশের একাধিক দল একযোগে অভিযান চালায়।

অভিযানকালে পাহাড়ি এলাকার বিভিন্ন বসতবাড়ি, সন্দেহভাজন স্থাপনা এবং তালিকাভুক্ত সন্ত্রাসী ও অপরাধীদের সম্ভাব্য অবস্থানস্থলে তল্লাশি করা হয়। দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি ও বিচ্ছিন্ন বসতিগুলোকে অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা ঠেকাতে এসব এলাকায় ব্যাপক অনুসন্ধান চালায় পুলিশ।

এ সময় ছয়জনকে আটক এবং রেজিস্ট্রেশনবিহীন চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

জেলা পুলিশ জানায়, পাহাড়ি ও দুর্গম এলাকাকে কেন্দ্র করে কোনো অপরাধী চক্র যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি, দখলবাজি কিংবা অন্য কোনো অপরাধ সংঘটনের সুযোগ না পায়, সে লক্ষ্যে নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধীদের অবস্থান ও সম্ভাব্য আস্তানা শনাক্ত করে তাদের আইনের আওতায় আনতে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধী দুর্গম পাহাড়ে আশ্রয় নিলেও আইনের আওতার বাইরে থাকার সুযোগ নেই। সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

এদিকে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধীদের অপতৎপরতা সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।