শনিবার
১৪ নভেম্বর ২০২৬
২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


নিউজ ডেস্ক: : চট্টগ্রামের রাউজানে চাঁদা না দিলে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইসলামী ফ্রন্টের রাউজান উপজেলা দক্ষিণের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ নুরী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে মুঠোফোনে তাঁকে চাঁদা দাবি করে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় রাউজান থানায় জিডি করেছেন বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
শুক্রবার (১৩ নভেম্বর) গণমাধ্যমকে ইলিয়াছ নুরী জানান, বৃহস্পতিবার বেলা ১টার পর তিনি রাঙ্গুনিয়ার বেতাগী রহমানিয়া জামিউল উলূম সিনিয়র মাদ্রাসায় ছিলেন। নামাজের প্রস্তুতি নেওয়ার সময় তাঁর মুঠোফোনে একটি কল আসে। তখন কলটি ধরতে না পারায় পরে একই নম্বরে কলব্যাক করেন তিনি।
ইলিয়াছ নুরীর ভাষ্য, ফোনে কোনো কথাবার্তা ছাড়াই তাঁর কাছে চাঁদা দাবি করা হয়। ফোনের অপর প্রান্তের ব্যক্তি বলেন, তাঁর ‘পোলাপানদের পরিচালনা করার জন্য’ চাঁদা দিতে হবে। টাকা না দিলে তাঁকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
তিনি বলেন, একই নম্বর থেকে আবারও ফোন করা হলে নিজের শিক্ষকতার পরিচয় দিয়ে চাঁদা দেওয়ার সামর্থ্য নেই বলে জানান। তখন ওই ব্যক্তি টাকা লাগবে না উল্লেখ করে শপথ করে তাঁকে হত্যার হুমকি দেন।
ইলিয়াছ নুরী বলেন, তিনি ভয়ের মধ্যে রয়েছেন। রাজনীতি করলেও শিক্ষকতা ছাড়া তাঁর আয়ের অন্য কোনো উৎস নেই। কেন তাঁর কাছে চাঁদা দাবি করা হচ্ছে, তা বুঝতে পারছেন না। তবে চাঁদা দাবিকারী ব্যক্তি নিজের পরিচয় দেননি এবং নির্দিষ্ট কোনো টাকার অঙ্কও উল্লেখ করেননি।
রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ইলিয়াছ নুরী থানায় এসে একটি জিডি করেছেন। চাঁদা দাবির জন্য ফোন করা হয়েছে জানিয়ে তিনি একটি মোবাইল নম্বরও দিয়েছেন। নম্বরটি কোথা থেকে ব্যবহার করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়ভাবে কিংবা দেশের অন্য কোনো স্থান থেকেও ফোন করা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।