শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

শনিবার

১৪ নভেম্বর ২০২৬

২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ঠা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ইরান ইস্যুতে ভ্যান্সকে থামিয়ে দেশের অপরাধ-দুর্নীতিতে নজর দিতে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:: ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টায় যুক্ত ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে ইরান ইস্যু থেকে মনোযোগ সরিয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট-শাসিত শহর ও রাজ্যগুলোর অপরাধ ও দুর্নীতি মোকাবিলায় মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ভ্যান্স ইরানের একজন কট্টরপন্থি নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে সরাসরি বৈঠকের মাধ্যমে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার কথা ভাবছিলেন। ওই প্রতিবেদন প্রকাশের এক দিন পরই ট্রাম্পের এ নির্দেশনা সামনে এল।

এর আগে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন ভ্যান্স। যুদ্ধের অবসানে শান্তি আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে ইরান ও কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গেও কথা বলছিলেন তিনি। তবে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে সেই কূটনৈতিক উদ্যোগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাট-শাসিত শহর ও রাজ্যগুলোতে ‘লাগামহীন দুর্নীতি ও অপরাধের’ দিকে ভাইস প্রেসিডেন্টকে সর্বাত্মক মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

হরমুজ প্রণালির প্রসঙ্গ টেনে ট্রাম্প আরও লেখেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই। তাঁর দাবি, ইরানের শত শত বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে এবং হরমুজ প্রণালিও তাদের নিয়ন্ত্রণে।

সম্প্রতি কয়েক সপ্তাহে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, মধ্যবর্তী নির্বাচনের পর যুদ্ধ বন্ধে ইরান চুক্তিতে পৌঁছাতে আরও আগ্রহী হবে। তবে চলতি সপ্তাহে তাঁর প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের ওপর অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। ফলে সামরিক উত্তেজনা বাড়ানো কিংবা কূটনৈতিক উদ্যোগ—কোনোটিরই আপাতত প্রয়োজন নেই বলে তাদের অবস্থানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপদ পথ নিশ্চিত করার চেষ্টা করছে।

অন্যদিকে, ইরানের সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, তাদের সতর্কবার্তা উপেক্ষা করার পর চারটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। জবাবে ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করলে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যায়। গত দুই মাসে বড় ধরনের হামলা-পাল্টা হামলা না হলেও বিক্ষিপ্ত সংঘর্ষ অব্যাহত রয়েছে।

শুক্রবার তেহরান জানায়, দক্ষিণ ইরানের একটি টেলিযোগাযোগ টাওয়ারে মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবে পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর সেন্টকমের একটি রাডার স্টেশনে হামলা চালিয়েছে তারা।

এদিকে, ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, হরমোজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে বৃহস্পতিবার রাতে দফায় দফায় হামলা চালিয়েছে ‘শত্রুপক্ষ’।