শনিবার
১৪ নভেম্বর ২০২৬
৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: জঙ্গল সলিমপুরের জমি নিয়ে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে হুমকির যে অভিযোগ করা হয়েছে, তা মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
এ বিষয়ে এক বিবৃতিতে পুলিশ বলেছে, বক্তব্যটি পুলিশের ভূমিকা বিতর্কিত করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে এবং এর পেছনে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ফেসবুক পেজ ও কয়েকটি গণমাধ্যমে ওই সংবাদ সম্মেলনের ভিডিও তাদের নজরে আসে। সেখানে মীর মো. হাসান দাবি করেন, তিনি ২০১৮ সালে জঙ্গল সলিমপুরে জমি কিনেছেন এবং তাঁর জমিতে বিজিবি ক্যাম্প স্থাপন করা হয়েছে। ক্যাম্প অপসারণের দাবিতে মানববন্ধন করায় জেলা পুলিশ সুপার তাঁকে হুমকি দিয়েছেন বলেও তিনি অভিযোগ করেন।
পুলিশের ভাষ্য, সম্প্রতি মীর মো. হাসান ও আসিফুল ইসলাম নিজেদের কেনা জমিতে বিজিবির অবস্থানের কারণ জানতে এবং সহযোগিতা চাইতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যান। পুলিশের কাছে থাকা ভূমি-সংক্রান্ত তথ্য ও তাঁদের দলিল পর্যালোচনায় তাঁদের দাবি করা জমির পরিমাণ, দলিলে উল্লিখিত দাগ এবং বাস্তবে দখলে থাকা জমির অবস্থানের মধ্যে উল্লেখযোগ্য অসংগতি পাওয়া যায়।
পুলিশ জানায়, কাগজপত্র পর্যালোচনার পর তাঁরা নিজেরা এবং আরও অনেক সাধারণ মানুষ জমি কেনাবেচার নামে প্রতারিত হয়েছেন বলে জানান। একপর্যায়ে তাঁরা জমির বন্দোবস্ত পাওয়ার সম্ভাবনা নিয়ে সহযোগিতা চান। জবাবে তাঁদের জেলা প্রশাসন ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয় থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পরামর্শ দেওয়া হয়।
পুলিশের বিবৃতি অনুযায়ী, জঙ্গল সলিমপুর মৌজার বিএস ১৯ নম্বর খতিয়ানের ২০১, ২৩৩ ও ২৪১ নম্বর দাগে ব্যক্তিমালিকানাধীন জমি রয়েছে। সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ের তথ্য অনুযায়ী, মো. ইয়াসিন ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে এসব দাগের কিছু জমি কেনেন এবং পরে তার ভিত্তিতে বিভিন্ন নামজারি খতিয়ান সৃষ্টি হয়।
পুলিশ বলছে, ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, এসব দলিল ও নামজারির কাগজ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া হলেও অনেক ক্রেতাকে বাস্তবে বিএস ২০৩ নম্বর দাগের সরকারি খাসজমিতে বসতি স্থাপনের সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ দলিলে এক দাগের ব্যক্তিমালিকানাধীন জমির বিবরণ থাকলেও ক্রেতাদের বসতি গড়ে উঠেছে ভিন্ন দাগের সরকারি খাসজমিতে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভুক্তভোগীদের চাপের মুখে ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর ও ১ অক্টোবর মোট ৭৪টি দলিল সম্পাদন করা হয়। এর মধ্যে ২০১ নম্বর দাগে ৬৬টি দলিলে ২৪৬.৭৫ শতক, ২৩৩ নম্বর দাগে ৭টি দলিলে ২৭ শতক এবং ২৪১ নম্বর দাগে একটি দলিলে ১ শতক, মোট ২৭৪.৭৫ শতক জমির বিবরণ পাওয়া গেছে।
পুলিশের দাবি, সংবাদ সম্মেলনকারী মীর মো. হাসান ২০১৮ সালে ২১ শতক জমি কেনার কথা বললেও তাঁর দলিল অনুযায়ী ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর তিনি ২০১ নম্বর দাগে মাত্র ১ শতক জমির দলিল পেয়েছেন। ওই জমির নামজারি ও বাস্তব দখলও তিনি এখনো বুঝে পাননি বলে জানা যায়। আসিফুল ইসলাম ২০১৭-১৮ সালে প্রায় ২৪ শতক জমি কেনার দাবি করলেও একই তারিখে ২০১ নম্বর দাগে মাত্র ৪ শতকের দলিল পেয়েছেন বলে পুলিশ জানায়।
পুলিশ আরও জানায়, তাঁদের দাবি অনুযায়ী তাঁরা দীর্ঘদিন ধরে জমির দখলে থেকে পাহাড় কেটে সমতল করেছেন ও বাউন্ডারি নির্মাণ করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁদের দখলকৃত জমি বিএস ২০৩ নম্বর দাগের সরকারি খাসজমি।
পুলিশের তথ্য অনুযায়ী, জঙ্গল সলিমপুর পাহাড়ি ও খাসজমিপ্রধান এলাকা, যেখানে মোট জমির প্রায় ৯০ শতাংশই সরকারি খাসজমি। দীর্ঘদিন ধরে এখানে কিছু চক্রের বিরুদ্ধে সরকারি জমি অবৈধ দখল, পাহাড় কাটা, পরিবেশ ধ্বংস ও জমি কেনাবেচার নামে প্রতারণার অভিযোগ রয়েছে।
পুলিশের ভাষ্য, অতীতে এসব গোষ্ঠীর প্রভাবে সাংবাদিক, জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যদের এলাকায় প্রবেশ ও দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হয়েছে। দায়িত্ব পালনকালে একজন র্যাব সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনাও ঘটেছে।
বিবৃতিতে বলা হয়, সরকারের সিদ্ধান্তে বর্তমানে এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়ন, খাসজমির সুষ্ঠু ব্যবহার ও স্থানীয়দের জীবনমান উন্নয়নে কার্যক্রম চলছে। সেনাবাহিনীর মাধ্যমে একযোগে ছয়টি সড়কের কাজ চলমান।
পুলিশ বলছে, সাধারণ বাসিন্দাদের উচ্ছেদ বা তাঁদের বৈধ সম্পত্তির অধিকার কেড়ে নেওয়া সরকারের উদ্দেশ্য নয়। লক্ষ্য হলো খাসজমি অবৈধ দখলমুক্ত করা, প্রকৃত মালিকদের অধিকার সুরক্ষা, অপরাধ দমন ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।
পুলিশ অভিযোগ করেছে, ভূমি দখল ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ইয়াসিন ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠী সরকারি কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে এবং সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে তাঁদের প্রশাসনের মুখোমুখি করার চেষ্টা করছে বলেও পুলিশের দাবি। পুলিশের ভাষ্য, অর্থের বিনিময়ে কিছু নারীকে দিয়ে সাংবাদিকদের কাছে বিভ্রান্তিকর বক্তব্য ও কথিত ভুয়া কাগজপত্র উপস্থাপন করা হচ্ছে।
পুলিশ বলছে, ভূমি-সংক্রান্ত অসংগতির তথ্য জানার পরও সংবাদ সম্মেলনে পুলিশ সুপারের বিরুদ্ধে হুমকির অভিযোগ তোলা এবং ঘটনার পূর্ণ প্রেক্ষাপট উপস্থাপন না করা অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত মনে হচ্ছে। এ ধরনের অপপ্রচারের পেছনে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের উদ্দেশে পুলিশ বলেছে, কারও প্ররোচনা, গুজব বা সামাজিক যোগাযোগমাধ্যমের একতরফা প্রচারণায় বিভ্রান্ত হওয়া উচিত নয়। জমির প্রকৃত দাগ, খতিয়ান, দলিল, নামজারি ও মৌজা নকশা যাচাই করতে হবে। প্রতারণার শিকার হলে ভূমি অফিস, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।
জমি কেনাবেচার নামে প্রতারণা, খাসজমি দখল, পাহাড় কাটা, ভয়ভীতি প্রদর্শন, অপপ্রচার ও সরকারি কার্যক্রমে বাধা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানায় জেলা পুলিশ।
সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে পুলিশ বলেছে, এ ধরনের সংবেদনশীল বিষয়ে সংবাদ প্রকাশের আগে সব পক্ষের বক্তব্য, দলিল, ভূমি রেকর্ড ও বাস্তব অবস্থা যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা প্রয়োজন। সাধারণ মানুষকে যাচাইবিহীন তথ্য ও গুজবে কান না দিয়ে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বানও জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।