রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

শনিবার

১৪ নভেম্বর ২০২৬

৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

১৪৭ কারখানা বন্ধের কথা জানাল বিজিএমইএ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার মধ্যে ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বিজিএমইএ সভাপতি বলেন, তৈরি পোশাক খাতে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এর ফলে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে দেশের প্রধান রপ্তানি আয়ের উৎসও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, দেশের পোশাকশিল্প ও অর্থনীতির ক্ষতি করতে চায়—এমন একটি মহল শিল্প খাতে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে। পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই মহলের পরিচয়ও পরিবর্তিত হয়।

মাহমুদ হাসান খান বলেন, বিজিএমইএ কখনো লেজুড়বৃত্তিক সংগঠন নয়। বিকেএমইএও নয়। সংগঠনের নেতাদের ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে বিজিএমইএর কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। যে সরকার ক্ষমতায় থাকে, সংগঠনটি তাদের সঙ্গে কাজ করে এবং সহযোগিতার চেষ্টা করে।

পোশাকশিল্পে চলমান অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠিত হয়েছে। তবে এর আগেই, অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শিল্প খাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে শুরু করে।

তিনি বলেন, অক্টোবরের আগে শ্রমিকদের যেসব দাবি উঠেছিল, সেগুলোর যৌক্তিকতা থাকতে পারে। কিন্তু ১ নভেম্বর মজুরি বোর্ড গঠনের পর থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা কোনোভাবেই যৌক্তিক নয়।

বিজিএমইএ সভাপতি আরও বলেন, মজুরি বোর্ড গঠনের প্রথম দিনেই নতুন মজুরি কবে থেকে কার্যকর হবে, তা জানানো হয়েছে। এরপরও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্য হতে পারে মালিকপক্ষকে চাপে ফেলে অযৌক্তিক মজুরি ঘোষণা করানো। এর পেছনে অন্য কোনো অভিসন্ধিও থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

পোশাকশিল্পের মালিক ও সংশ্লিষ্ট সবাই দেশপ্রেমিক এবং আইন মেনে চলতে চান উল্লেখ করে মাহমুদ হাসান খান বলেন, সবাইকে আইন মেনে চলতে হবে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সে আহ্বানও জানান তিনি।