শনিবার
১৪ নভেম্বর ২০২৬
৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: বিদেশে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে নিজেকে ‘নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি পরিচয় দেওয়া আইনজীবী কামাল উদ্দিন মুক্তি পেয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের একটি আদালতে হাজির করা হলে আদালত তাকে মুক্তির আদেশ দেন।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) মধ্যরাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকার নিজ বাসা থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ। পুলিশ জানায়, তার বাড়ির বাইরে একদল লোক জড়ো হয়ে মব হামলার চেষ্টা করলে নিরাপত্তার স্বার্থে তাকে হেফাজতে নেওয়া হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি-বন্দর) সোহেল রানা বলেন, মেট্রোপলিটন আইনের ৯৯ ধারায় কামাল উদ্দিনকে আদালতে পাঠানো হয়েছিল।
মুক্তির পর গণমাধ্যমকে কামাল উদ্দিন বলেন, আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের নতুন অবরোধ কর্মসূচির সমালোচনা করায় মুখোশধারী একদল লোক তার ওপর মব হামলার চেষ্টা করে। খবর পেয়ে প্রশাসন তাকে উদ্ধার করে এবং পরে আদালতে পাঠায়। আদালত তাকে মুক্তি দিয়েছেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও তার ওপর মব হামলার আশঙ্কা রয়েছে।
কামাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহ-আইনবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর নিজেকে ‘নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে এবং দলের জ্যেষ্ঠ নেতাদের সমালোচনা করে ভিডিও পোস্টের মাধ্যমে আলোচনায় আসেন তিনি।