রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

শনিবার

১৪ নভেম্বর ২০২৬

৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

রঙে রঙে জীবন্ত জুলাই, নতুন সাজে চট্টগ্রাম

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরীর সৌন্দর্যবর্ধন ও নান্দনিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সড়কের দেয়ালে অঙ্কন করা হচ্ছে দৃষ্টিনন্দন গ্রাফিতি।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনার দেয়ালে নতুন করে ফুটে উঠছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, চেতনা ও বার্তাবাহী গ্রাফিতি।

জুলাই গণঅভ্যুত্থানের সময় নগরীর বিভিন্ন দেয়ালে তরুণ শিক্ষার্থীদের আঁকা প্রতিবাদী ও অনুপ্রেরণামূলক গ্রাফিতিগুলো নতুন করে রং-তুলির আঁচড়ে জীবন্ত হয়ে উঠছে।

এসব গ্রাফিতিতে উঠে আসছে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং নতুন প্রজন্মের স্বপ্ন ও সাহসিকতার প্রতিচ্ছবি।

একসময় জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে নগরীর দেয়ালে দেয়ালে যে শিল্পকর্ম ও প্রতিবাদী বার্তা ছড়িয়ে পড়েছিল, সেগুলো সংরক্ষণ ও পুনরায় দৃশ্যমান করার মাধ্যমে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেয়ালজুড়ে নান্দনিক চিত্রকর্ম নগরীর সৌন্দর্য বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখছে।

প্রশাসক ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে এ কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন, নান্দনিক ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, নগরীর সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাস ও নাগরিক চেতনার প্রতিফলন ঘটাতেও গুরুত্ব দিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

নগরীর দেয়ালে দেয়ালে ফিরে আসা এসব গ্রাফিতি কেবল সৌন্দর্যবর্ধনের অংশ নয়; বরং জুলাইয়ের স্মৃতি, তারুণ্যের প্রতিবাদ এবং একটি বৈষম্যহীন ও সুন্দর সমাজ গড়ার আকাঙ্ক্ষাকে নতুন করে তুলে ধরার এক অনন্য প্রয়াস।