রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

রবিবার

১৫ নভেম্বর ২০২৬

৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

নালা দখল করে দোকান! মালিকদের যে পরামর্শ দিল চসিক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর নালা ও ড্রেনের ওপর অবৈধভাবে নির্মিত স্থাপনা চিহ্নিতকরণ এবং নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

এ সময় নালার ওপর অবৈধভাবে নির্মিত দোকান ও অন্যান্য স্থাপনার মালিকদের স্ল্যাব নির্মাণের অনুমোদনসংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে চসিক কার্যালয়ে যোগাযোগের নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) নগরীর কোতোয়ালী থানাধীন ২ নম্বর গেট থেকে বহদ্দারহাট কাঁচা বাজার জামে মসজিদ পর্যন্ত সড়কের উত্তর পাশে এ অভিযান পরিচালিত হয়।

চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের (যুগ্ম জেলা ও দায়রা জজ) নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নালার ওপর অবৈধভাবে নির্মিত দোকান ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন করা হয়।

এ সময় সংশ্লিষ্ট স্থাপনার মালিকদের নালার ওপর স্ল্যাব নির্মাণের অনুমোদনসংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১১০ নম্বর কক্ষে যোগাযোগ করতে বলা হয়।

অভিযানকালে স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান বলেন, নগরীর নালা ও ড্রেনের ওপর অবৈধ স্থাপনা নির্মাণ প্রতিরোধ এবং নাগরিক চলাচল ও পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে চসিকের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে নালা-ড্রেনের ওপর অবৈধ স্থাপনা নির্মাণের প্রবণতা বন্ধ করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিয়ম মেনে স্থাপনা নির্মাণ ও ব্যবহারের আহ্বান জানানো হয়।