বুধবার
১৮ নভেম্বর ২০২৬
৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে।
এ ঘটনায় গৃহবধূর মা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে আনোয়ারা থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে ১০ লাখ টাকা দেনমোহর ধার্য করে বাদী চেমন আরা বেগমের মেয়ে নাজমিন সুলতানা ওরফে জবার সঙ্গে তৌহিদুল ইসলামের বিয়ে হয়। বিয়েতে মেয়ের পরিবারের প্রায় ৯ লাখ টাকা খরচ হয়।
অভিযোগে বলা হয়, বিয়ের পর তৌহিদুল তাঁর মায়ের প্ররোচনায় বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া-বিবাদ শুরু করেন। একপর্যায়ে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করায় স্ত্রীকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এজাহার অনুযায়ী, গত ৮ নভেম্বর দুপুর ১২টার দিকে যৌতুকের টাকা নিয়ে স্বামীর সঙ্গে স্ত্রীর ঝগড়া হয়। এ সময় আসামিরা তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।
পরদিন ৯ নভেম্বর দুপুর ১টার দিকে গৃহবধূর ভাই ইকবালসহ কয়েকজন স্বজন তাঁর শ্বশুরবাড়িতে যান। সেখানে নির্যাতনের কারণ জানতে চাইলে আসামিরা তাঁদের গালিগালাজ করেন। এর প্রতিবাদ করায় গৃহবধূকে আবারও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, এ সময় এক আসামি গৃহবধূর চুলের মুঠি ধরে ও কাপড় টানাহেঁচড়া করে নির্যাতন করেন। আরেক আসামি তাঁর গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন।
এ ছাড়া তাঁর পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি এবং গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের নিবৃত্ত করেন। মামলা করলে তালাক দেওয়াসহ ক্ষতিসাধনের হুমকি দিয়ে গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করেছেন তাঁর মা। পরে আহত অবস্থায় তাঁকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় তৌহিদুল ইসলাম (৩২), মো. শহীদ (২৬), জমানা খাতুন (৫২), ইমু আক্তার (২৬) ও শামসুন নুর (৫০) কে আসামি করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। থানার মামলা নম্বর ২১। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ) ধারায় মামলাটি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন। তিনি জানান, আইনি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামি গ্রেপ্তারে কাজ চলছে।
ওসি জুনায়েত চৌধুরী জানান, মামলা রেকর্ড হওয়ার পর আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।