শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার

১৯ নভেম্বর ২০২৬

৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামে অর্থ আত্মসাতের মামলায় ১৭ জনের কারাদণ্ড, খালাস ১৯

নিজস্ব প্রতিবেদক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ মামলায় মোট ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৯ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, মামলায় ৫৫ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত ১৭ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১৯ জনকে খালাস দিয়েছেন।

রায়ে সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাচার করা অর্থের দ্বিগুণ ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুই আইনে তার মোট সাজা ১৫ বছর।

জাবেদের স্ত্রী রুকমীলা জামানকে দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সব মিলিয়ে তার সাজা ১০ বছর।

মামলার অন্য আসামিদের মধ্যে মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, মো. আব্দুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, মো. আব্দুল হামিদ চৌধুরী, বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান ও উৎপল পালকে বিভিন্ন ধারায় কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে আটজনের সাজা পৃথক দুটি আইনে পাঁচ বছর করে মোট ১০ বছর। আব্দুল হামিদ চৌধুরীকে দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মো. ইয়াছিনুর রহমান, মো. ইউছুফ চৌধুরী, মো. সাইফুল ইসলাম ও মো. শাহ আলমকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বজল আহমেদ বাবুল ও এম এ সবুরকে দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাদের আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোহাম্মদ একরাম উল্লাহ, জিয়াউল করিম খান, মীর মেসবাহ উদ্দীন হোসাইন, ইউনুছ আহমদ, হাজী আবু কালাম, নুরুল ইসলাম চৌধুরী, আসিফুজ্জামান চৌধুরী, রোকসানা জামান চৌধুরী, আফরোজা জামানসহ মোট ১৯ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার নথি অনুযায়ী, জাবেদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব ভিশন ট্রেডিংয়ের মালিক সাজিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করানো হয়। পরে ওই অর্থ কর্মচারীদের মাধ্যমে উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেন জাবেদ বলে অভিযোগ করা হয়। পাচার করা অর্থ দিয়ে বিদেশে সম্পত্তি কেনার অভিযোগও রয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে অর্থ আত্মসাতের ঘটনা ঘটে। ২০২৫ সালের ২৪ জুলাই জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান মামলাটি করেন। পরবর্তী সময়ে তদন্তে আরও সাতজনের সংশ্লিষ্টতা পাওয়ায় মোট ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।