শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার

১৯ নভেম্বর ২০২৬

৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

খলিলুর রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে জাতিসংঘের সংস্কার এবং বহুপাক্ষিক সংস্থাটির কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান ভারতের হাইকমিশনার।

দীনেশ ত্রিবেদী বলেন, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করতেই মূলত এ সাক্ষাৎ। পাশাপাশি জাতিসংঘের সংস্কার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে জানার আগ্রহ ছিল তাঁর।

তিনি বলেন, খলিলুর রহমান জাতিসংঘের সংস্কার নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরছেন। সংস্কারের বিষয়গুলো কী এবং এ ক্ষেত্রে কী করা যেতে পারে, তা বোঝার চেষ্টা করেছেন তিনি। জাতিসংঘের সংস্কার সবার অভিন্ন স্বার্থের বিষয় বলেও উল্লেখ করেন ভারতের হাইকমিশনার।

দীনেশ ত্রিবেদী আরও বলেন, জাতিসংঘ অন্যতম গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক সংস্থা। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর অভিজ্ঞতা সম্পর্কে জানার আগ্রহ ছিল তাঁর। এ সাক্ষাৎ তাঁর জন্য শেখার একটি সুযোগ ছিল।

পররাষ্ট্রমন্ত্রীকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ। বৈঠকের বিষয়ে বিস্তারিত প্রশ্নের জবাব না দিয়ে সাক্ষাৎটি সৌজন্য বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান বলেও জানান তিনি।