শুক্রবার
২০ নভেম্বর ২০২৬
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও আওয়ামী লীগের রক্তের নেশা কমেনি, বরং আরও তীব্র হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে নড়াইলের কালিয়া পৌরসভার বড় কালিয়া এলাকায় এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে বেলা ১১টার দিকে কালিয়ায় পৌঁছে রিজভী চাঁদপুর কবরস্থানে গিয়ে হামলায় নিহত কালিয়া উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর ইসলামের কবর জিয়ারত করেন। পরে নিহত উপজেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
গত বুধবার বিকেলে কালিয়ার বেন্দারচর এলাকায় বিএনপির নেতা-কর্মীদের একটি শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটে। বিএনপির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়ে কয়েকটি মোটরসাইকেলে আগুন দেন। এতে আহত তিনজনের মধ্যে শাহিনুর ইসলাম ও সোহেল রানা খুলনায় নেওয়ার পথে মারা যান।
এ ঘটনায় নিন্দা জানিয়ে রিজভী বলেন, দেশে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, সেই লক্ষ্য নিয়েই কাজ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অথচ আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েও সহিংসতা ও হত্যাকাণ্ডের পথ ছাড়েনি।
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশ থেকে তাঁর অনুসারীদের দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছেন। সোহেল রানা ও শাহিনুর ইসলাম সেই নির্মমতার শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার আশ্বাস দিয়ে রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কেউ কেড়ে নিতে পারবে না। একইভাবে এসব হত্যাকাণ্ডে জড়িতদেরও বিচারের মুখোমুখি করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে শাহিনুর ইসলাম ও সোহেল রানার মরদেহ কালিয়ায় নেওয়া হয়। পরে জানাজা শেষে তাঁদের দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পুলিশ দুজনকে আটক করেছে।