শনিবার
২১ নভেম্বর ২০২৬
৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরীর উন্নয়ন কার্যক্রমে কোনো এলাকাকে পিছিয়ে রাখা হবে না। প্রধান সড়ক থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডের ছোট-বড় অলিগলি পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
আজ শনিবার (২১ নভেম্বর) নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে চসিকের অর্থায়নে নির্মিত পাঁচটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। উদ্বোধন করা সড়কগুলো হলো ডি.সি. রোডের ফজলুর রহমান পাড়া (জালিয়াপাড়া) সড়ক, চান্দমিয়া মুন্সি লেইনের আমীর হোসেন সড়ক, একই লেইনের আবেদীন সওদাগর সড়ক, মদিনা আবাসিক এলাকার আমিরুন্নেছা সড়ক এবং সবুজবাগ আবাসিক এলাকার মনোআরা ভবন সংলগ্ন সড়ক।
প্রশাসক বলেন, বর্ষা শেষ হওয়ায় আগামী পাঁচ থেকে ছয় মাস, অর্থাৎ পুরো শীত ও বসন্ত মৌসুমজুড়ে নগরীর বিভিন্ন এলাকায় সড়ক সংস্কারের কাজ চলবে। প্রতিটি ওয়ার্ডের অলিগলি চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।
তিনি জানান, গত দুই বছরে নগরীতে সড়ক, অবকাঠামো, নালা ও ড্রেন সংস্কারসহ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে। কোনো কোনো ওয়ার্ডে ১২৫ থেকে ১৫০ কোটি এবং কোনো কোনো ওয়ার্ডে ২২৫ থেকে ২৫০ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। পশ্চিম বাকলিয়া ওয়ার্ডেও প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার উন্নয়নকাজ হয়েছে।
প্রশাসক আরও বলেন, নগরীর অনেক অলিগলি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। এসব সড়ক উন্নয়নের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। শুধু প্রধান সড়ক নয়, প্রতিটি ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে সিটি করপোরেশন কাজ করছে।
উন্নয়নকাজের গুণগত মানের ওপর জোর দিয়ে তিনি বলেন, সড়ক নির্মাণ ও সংস্কারে উন্নতমানের সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে এলাকাবাসীকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কাজের মান বজায় রাখতে স্থানীয় মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা, প্লাস্টিক ও পলিথিন ফেলা থেকে সবাইকে বিরত থাকতে হবে। পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী গড়তে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, চট্টগ্রামকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়তে তাঁরা বদ্ধপরিকর। ৪১টি ওয়ার্ডের প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে একটি সুন্দর ও পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও শাফকাত আমিন। এ ছাড়া চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাছিম, চকবাজার থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম, বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন লেদু, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন কাদের আসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।