রবিবার
২২ নভেম্বর ২০২৬
৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


কর্ণফুলী প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে পৃথক দুটি অভিযানে শ্রমিকলীগের এক সক্রিয় সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (২২ নভেম্বর) উপজেলার বড় উঠান শাহমীরপুর এলাকায় অভিযান চালিয়ে মো. করিম ওরফে কালা করিমকে (৩২) গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে শ্রমিকলীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করেছে।
তিনি কর্ণফুলী থানাধীন শিকলবাহা বিল্লাপাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাহাদুরের বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম মো. ছাবের।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কর্ণফুলী থানার ওসি নূর আহমদ।
পুলিশ জানায়, কর্ণফুলী থানার ১৭ নম্বর মামলায় (১১ নভেম্বর ২০২৬) সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৬(২), ৮, ৯ ও ১০ ধারায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, একই দিন পৃথক অভিযানে সিআর পরোয়ানামূলে নুর মাবুদ নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি শিকলবাহা এলাকার লাল মিয়ার বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত ইমাম শরীফ। সিআর-৬৬/২৬ (কর্ণফুলী) নম্বর মামলায় দণ্ডবিধির ৪২৭, ৪০৬ ও ৪২০ ধারায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পৃথক অভিযানে গ্রেপ্তার দুজনকেই যথাযথ পুলিশি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো. সোহেল রানা পিপিএম-সেবা ও সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) নাফিস ইনসানের তত্ত্বাবধানে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদের নেতৃত্বে অভিযান দুটি পরিচালিত হয়।