রবিবার, ২২ নভেম্বর ২০২৬

রবিবার

২২ নভেম্বর ২০২৬

৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

১৯ বছরের তরুণের বাসায় মিলল মেশিনসহ কারখানা! গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে এবার ইয়াবা তৈরির মেশিন ও সরঞ্জামের সন্ধান পেয়েছে পুলিশ। ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল রপ্ত করে হাটহাজারীর একটি ভাড়া বাসায় মেশিন বসিয়ে মাদক উৎপাদনের অভিযোগ উঠেছে ১৯ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে একটি ইয়াবা তৈরির মেশিন, কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।

গ্রেপ্তার তরুণের নাম তৌহিদুল আলম আকিব (১৯)। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার কুলাগাঁও এলাকায়। বর্তমানে তিনি হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশের এ অভিযান এমন এক সময়ে পরিচালিত হলো, যখন এর আগে নগরের চান্দগাঁও থানার পুরান কালুরঘাট এলাকা থেকে ১ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছিল পুলিশ। ওই ঘটনায় সোহেল নামে একজনকে আটক করা হয়েছিল।

এবার ইয়াবা উদ্ধারের পাশাপাশি ইয়াবা তৈরির মেশিন ও সরঞ্জাম উদ্ধারের ঘটনায় এলাকায় মাদক উৎপাদন ও সরবরাহ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

পুলিশ জানায়, গত ২১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় মেহেরাজ খান চৌধুরী ঘাটা সিএনজি গ্যাস পাম্পের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল আকিব। এ সময় মোবাইল-৩১ ডিউটিতে থাকা পিএসআই প্রসেনজিৎ বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদে আকিব জানায়, হাটহাজারীর কুয়াইশ এলাকার তার ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন রয়েছে। বিষয়টি চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানোর পর এসআই মো. ফরহাদ মহিম, এসআই মো. ইমাম হোসেন ও এএসআই মো. মমতাজ আলম সঙ্গীয় ফোর্সসহ ওই বাসায় অভিযান চালান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার আকিবের দেখানো ও শনাক্ত করা স্থান থেকে একটি ইয়াবা তৈরির মেশিন, কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল এবং ইয়াবার আকার নির্ধারণের একটি স্লাইড ক্যালিপার্স জব্দ করা হয়। জব্দ করা মেশিনটির আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।

জিজ্ঞাসাবাদে আকিব আরও জানায়, ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শেখে সে। পরে নারায়ণগঞ্জ থেকে মেশিনটি কিনে ভাড়া বাসায় স্থাপন করে। ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল বলেও পুলিশের কাছে স্বীকার করেছে সে।

এ ঘটনায় গ্রেপ্তার আকিবের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।